রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)
১০ আগস্ট, ২০২৬, 3:33 AM
বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গুলশান কার্যালয়ে ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান International Republican Institute (IRI)-এর বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও সুসংহত ও টেকসই করার লক্ষ্যে আইআরআই-এর চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা, জনগণের অংশগ্রহণ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে মতবিনিময় করা হয়।
বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইসমাইল জবিউল্লাহ, উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা), মাহদী আমিন, উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ব্যারিস্টার জাহরাত আদিব চৌধুরী এমপি, (জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি) এবং মাহমুদা হাবীবা এমপি।
আইআরআই-এর পক্ষে উপস্থিত ছিলেন জন ফ্লুহার্টি (Resident Program Director), সোনিজা গ্লোয়েকল (Senior Director Center for Insights in Survey Research), রুখসানা হক (Technical Advisor) এবং অমিতাভ ঘোষ।
গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও শক্তিশালী করা এবং জনগণের অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের মতবিনিময় ভবিষ্যৎ সহযোগিতার পথ আরও সুগম করবে বলে প্রত্যাশা করা হয়।