শিহাবুর রহমান (পীরগঞ্জ)
২৪ জুলাই, ২০২৬, 2:43 AM
পীরগঞ্জে জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল ও পিরানহা আগুনে ধ্বংস
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় মৎস্য সম্পদ সংরক্ষণ এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিষিদ্ধ কারেন্ট জাল ও পিরানহা মাছের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ২০ জুলাই উপজেলার খালাশপীর হাটে পরিচালিত বিশেষ অভিযানে ৫০টি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে তা জনসম্মুখেই পুড়িয়ে ফেলা হয়। এছাড়াও একই অভিযানে বিপুল পরিমাণে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ ধ্বংস করা হয়।
এরই ধারাবাহিকতায় ২১ জুলাই (মঙ্গলবার) উপজেলার মাদারগঞ্জ ঘাটে পরিচালিত আরেকটি অভিযানে ১ হাজার ৫০০ গজ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন বলেন, 'মৎস্য সম্পদ রক্ষা, প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন নিশ্চিত করা এবং আইন বাস্তবায়নের স্বার্থে নিষিদ্ধ কারেন্ট জাল ও নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জলজ সম্পদ সংরক্ষণ এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।