নাজমুল আদনান (টাঙ্গাইল)
২১ জুন, ২০২৬, 7:07 PM
ঘাটাইলের ধলাপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবক গ্রেফতার
টাঙ্গাইলের ঘাটাইলে মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাদেরকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
রবিবার (২১ জুন) ঘাটাইল থানার ধলাপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল ধলাপাড়া এলাকার চৌধুরী বাড়ির পেছন থেকে তাদের গ্রেফতার করে। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—ঘাটাইল উপজেলার উত্তর ধলাপাড়া গ্রামের মোঃ আবু তাহেরের ছেলে মোঃ সজিব মিয়া (২৪) এবং একই গ্রামের দুলাল সরকারের ছেলে অবিরাম সরকার (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ গোপন সংবাদের ভিত্তিতে ধলাপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ধলাপাড়া চৌধুরী বাড়ির পেছনে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবন করা অবস্থায় সজিব ও অবিরামকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অপরাধের গভীরতা বিবেচনা করে আসামি মোঃ সজিব মিয়াকে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং অপর আসামি অবিরাম সরকারকে ০৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ঘাটাইল থানা পুলিশ জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিদের বিধি মোতাবেক জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।