সুমন মন্ডল (জয়পুরহাট)
১২ জুলাই, ২০২৬, 3:53 PM
উদয়পুর ইউপি নির্বাচন ঘিরে বিএনপির মতবিনিময় সভা
আসন্ন ৪নং উদয়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে পুর ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উদয়পুর ইউনিয়ন বিএনপির নেতা মোঃ নিজামউদ্দিন ফকির বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক চর্চা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি স্থানীয় উন্নয়ন, জনসেবা এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৪নং উদয়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মামুনুর রশিদ সরকার (মামুন)। তিনি উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতা নিয়ে একটি আধুনিক, সুশাসিত ও উন্নয়নমুখী উদয়পুর ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।