সজীব সরদার (অভয়নগর প্রতিনিধি)
১৮ জুন, ২০২৬, 2:24 AM
অভয়নগরে গভীর রাতে একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা
যশোরের অভয়নগর উপজেলায় রিয়াজ হোসেন (২৯) নামে এক যুবককে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৬ জুন) গভীর রাতে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিয়াজ ধলিরগাতী গ্রামের মনসুর আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা চলমান ছিল। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত আনুমানিক ১টার দিকে দুর্বৃত্তরা রিয়াজের ওপর হামলা চালায়।
হামলার সময় তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা: মোহাম্মদ সবুজ জানান, হাসপাতালে আনার আগেই রিয়াজের মৃত্যু হয়েছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে, অভয়নগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুজ্জামান জানান, ‘দুর্বৃত্তদের হামলায় একাধিক মামলার আসামি রিয়াজ নিহত হয়েছেন।
তার বিরুদ্ধে অভয়নগর থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকের ৬টি মামলা রয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকে পুলিশি অভিযান শুরু করা হয়েছে।