সংবাদ শিরোনাম
নিশাত শাহরিয়ার
১২ সেপ্টেম্বর, ২০২৬, 9:24 PM
সরকারকে ঠেকাতে বিরোধীদল নিষিদ্ধ আওয়ামীলীগকে পুনর্বাসন করছে: আবু হানিফ
ঢাকাসহ সারাদেশে নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ও জুলাই গণহত্যায় জড়িত নিষিদ্ধ আওয়ামীলীগের বিচারের দাবিতে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তর।
শনিবার সন্ধ্যায় ৭ টায় গুলশান-১ গোলচত্তর থেকে মশাল মিছিল শুরু করে গুলশান-২ গোলচত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ বলেন, গুলশান একটা ভিআইপি এলাকা। এখানে বিভিন্ন দেশের কূটনীতিকরা বাস করেন। এই এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা থাকে, সেখানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিভাবে নিষিদ্ধ আওয়ামীলীগ মিছিল করে?
আবু হানিফ বলেন, শুধু ঢাকায় নয় সারাদেশে গোয়েন্দা সংস্থার লোক ও আইনশৃঙ্খলা বাহিনীকে টাকা দিয়ে ম্যানেজ করে নিষিদ্ধ আওয়ামীলীগ মিছিল করছে। তাছাড়া প্রশাসনে ও গোয়েন্দা সংস্থায় থাকা আওয়ামিলীগের দোসরাও এই মিছিল করার সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
দলের মুখপাত্র আবু হানিফ বলেন, সরকার একটা পদক্ষেপ নিলেই নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল বন্ধ হয়ে যাবে তা হলো- যেখানেই নিষিদ্ধ আওয়ামীলীগ মিছিল করবে সেখানকার ডিসি, এসপি, ওসি, ইউএনওকে বান্দরবান পাঠালেই দেখবেন সারাদেশে প্রশাসন সতর্ক হয়ে যাবে। আরেকটা বিষয়ে সরকারকে নিষিদ্ধ আওয়ামীলীগের বিষয়ে কঠোর হতে হবে। কেননা এই নিষিদ্ধ আওয়ামীলীগ সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তাছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো নেই, বিভিন্ন জায়গায় খুন, ছিনতাইয়ের মত ঘটনা ঘটছে।
আবু হানিফ আরও বলেন," বর্তমানে বিরোধীদল বিশেষ করে জামায়াত, এনসিপি সারাদেশে আওয়ামিলীগকে পুনর্বাসন করছে। সরকারকে ঠেকাতে জামায়াত ও এনসিপি নিষিদ্ধ লীগকে পুনর্বাসন করছে। তারা পুনর্বাসনের মধ্য দিয়ে মূলত নিষিদ্ধলীগকে মিছিল করার সুযোগ করে দিচ্ছে। বিরোধী দলের প্রতি আহবান আপনারা অর্থের বিনিময়ে লীগকে পুনর্বাসন করা থেকে বিরত থাকুন। কেননা এই লীগ ফিরে আসলে কাউকেই ছাড়বে না।
গণঅধিকার পরিষদ মহানগর উত্তরের সভাপতি আব্দুর রহিম বলেন, আওয়ামিলীগের নেতারা নিরাপদে বিদেশে আরাম আয়েশ করছে। অথচ দেশে থাকা নিরীহ কর্মীদের উসকানি দিয়ে মিছিলে করতে দিয়ে বিপদে ফেলছে।আপনারা পলাতক নেতাদের কথায় আর রাস্তায় নেমে বিপদে পড়বেন না।
গণঅধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক আবির ইসলাম সবুজের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক অপূর্ব আলমগীর, সহসভাপতি ফারজানা কিবরিয়া, রেজওয়নুল শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান, শ্রমিক অধিকার পরিষদ, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক রুবেল, ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক নুরুজ্জামান ইমন প্রমুখ।
সম্পর্কিত