দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)
২৬ আগস্ট, ২০২৬, 5:26 AM
রংপুরে শিক্ষক পরিবারের হত্যার বিচারসহ মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি গণতন্ত্রী পার্টির
রংপুরে স্কুলশিক্ষক গণিপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও সন্তানসহ পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে গণতন্ত্রী পার্টি। একই সঙ্গে সমাজে মাদকের বিস্তার রোধে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
এক যৌথ বিবৃতিতে গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মো. আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাঁদের ও তাঁদের পরিবারের ওপর সংঘটিত এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড, আইন শৃঙ্খলার অবনতি সমাজে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করে। তাই এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করে ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
তাঁরা বলেন, কোনো ধরনের প্রভাব বা পক্ষপাত ছাড়াই নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিহত শিক্ষক গণিপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের স্বজনদের প্রয়োজনীয় নিরাপত্তা ও সহযোগিতা দেওয়ারও দাবি জানানো হয়।
গণতন্ত্রী পার্টির নেতারা আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় মাদকাসক্তি ও মাদক ব্যবসার বিস্তার সামাজিক অবক্ষয়ের পাশাপাশি যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং বিভিন্ন ধরনের অপরাধও বাড়ছে।
মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান আরও জোরদার করতে হবে।
বিবৃতিতে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, অপরাধ ও মাদকের বিরুদ্ধে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
বিবৃতিতে নিহত শিক্ষক গণিপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও সন্তানসহ পরিবারের চার সদস্যের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডের দ্রুত, সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার এবং মাদক নির্মূলে সর্বাত্মক অভিযান জোরদারের জোর দাবি জানানো হয়।