ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

বেনাপোল ট্রান্সপোর্ট সমিতিকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, কর্মবিরতির হুঁশিয়ারি

#

তামিম হোসেন সবুজ (বেনাপোল)

১১ অক্টোবর, ২০২৬,  5:45 PM

news image

বেনাপোল স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসায়ী সংগঠন ও নেতৃবৃন্দকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ তথ্য প্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি।

সংগঠনটির অভিযোগ, আবু তাহের ভারত নামে এক ব্যক্তি নিজের ও ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে সমিতি এবং এর নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এমন কর্মকাণ্ড বন্ধ না হলে বেনাপোল স্থলবন্দরের সব ধরনের কার্যক্রম থেকে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সমিতির সদস্যরা।

রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টায় বেনাপোলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরে সংগঠনটি। এতে বেনাপোলের ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি, স্থানীয় ব্যবসায়ীদের সম্মানহানি এবং স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের মাধ্যমে সরকার প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব আদায় করে। বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখা, পণ্য পরিবহন এবং সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে। 

এসব সংগঠনের মধ্যে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু আবু তাহের ভারত বিভিন্ন সময় স্থানীয় সম্মানিত ব্যক্তি ও ব্যবসায়ী নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বলে অভিযোগ সংগঠনটির।

সমিতির অভিযোগ, সম্প্রতি বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের একটি সভায় উপস্থিত নেতৃবৃন্দের সামনে ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতিকে নিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়। একই সঙ্গে সমিতির সভাপতিকে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে বলে দাবি করা হয়। 

এ ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সংগঠনটি বলেছে, যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রচার করা অনভিপ্রেত এবং এতে সংশ্লিষ্টদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হতে পারে।

ট্রাকপ্রতি ৫০ টাকা আদায়ের ব্যাখ্যা: সংবাদ সম্মেলনে ট্রাক থেকে অর্থ আদায়ের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে সমিতি জানায়, বেনাপোল স্থলবন্দর প্রতিষ্ঠার পর থেকেই বন্দরে অবস্থানরত ট্রাক ও বিভিন্ন সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তাকর্মী ও নাইটগার্ডের ব্যবস্থা রয়েছে। এ কার্যক্রমে নিয়োজিত কর্মীদের বেতন পরিশোধের জন্য স্থানীয় ট্রাক টার্মিনাল থেকে রসিদের মাধ্যমে ট্রাকপ্রতি ৫০ টাকা নেওয়া হয় বলে দাবি করা হয়।

এ ছাড়া সমিতির গঠনতন্ত্রের ১০ নম্বর ধারা অনুযায়ী গত ৪ অক্টোবর থেকে সদস্যদের কল্যাণ তহবিলের জন্য ট্রাকপ্রতি রসিদের মাধ্যমে আরও ৫০ টাকা সংগ্রহ করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সমিতির দাবি, এ অর্থ সদস্যদের মরণোত্তর ভাতা, চিকিৎসা সহায়তা, জরুরি আর্থিক অনুদান এবং বার্ষিক বনভোজনসহ সদস্যকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, বেনাপোল পৌরসভার ইজারার আওতায় ট্রাক টার্মিনালে ট্রাকপ্রতি ১০০ টাকা এবং রাতে অবস্থানের ক্ষেত্রে ৫০ টাকা নেওয়া হয়। এই ইজারা ব্যবস্থার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গসংগঠন, ট্রাক শ্রমিক ইউনিয়ন এবং ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করা হয়। সমিতির বক্তব্য অনুযায়ী, এসব নির্ধারিত খাতের বাইরে সংগঠনের অধীনে অন্য কোনো অর্থ আদায় করা হয় না।

অপপ্রচার বন্ধের আহ্বান, কর্মবিরতির হুঁশিয়ারি:  সংবাদ সম্মেলনে সমিতির নেতৃবৃন্দ অভিযোগ করেন, আবু তাহের ভারত বিভিন্ন খাতে চাঁদা আদায়ের নামে সংগঠন ও এর নেতাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। এসব অভিযোগের প্রতিবাদ জানিয়ে তারা এ ধরনের প্রচার বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হয়।

সমিতির পক্ষ থেকে আরও হুঁশিয়ারি দেওয়া হয়, অভিযোগের ভিত্তিতে অপপ্রচার অব্যাহত থাকলে সংগঠনের সদস্যরা বিধি অনুযায়ী বেনাপোল স্থলবন্দরের সব ধরনের কার্যক্রম থেকে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিতে পারেন। এতে বন্দরের আমদানি-রপ্তানি ও পণ্য পরিবহন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

লিখিত বক্তব্যে বলা হয়, বেনাপোলের ব্যবসা-বাণিজ্য, সামাজিক সম্প্রীতি ও স্থলবন্দরের সুনাম রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ব্যবসায়ী বা ব্যবসায়ী সংগঠনের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ প্রক্রিয়ায় উত্থাপন করা উচিত; সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইহীন তথ্য ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করা উচিত নয় বলে মনে করে সংগঠনটি।

সংবাদ সম্মেলন থেকে আবু তাহের ভারতকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলা হয়, ভবিষ্যতে এ ঘটনাকে কেন্দ্র করে বেনাপোলের ব্যবসায়িক, সামাজিক বা রাজনৈতিক পরিস্থিতির অবনতি ঘটলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিকে নিতে হবে বলে মনে করে সমিতি।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে আবু তাহের ভারতের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর স্বাধীন সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন