নিশাত শাহরিয়ার
০১ জুন, ২০২৬, 4:49 PM
বিটিভিতে ঈদের অনুষ্ঠানের নামে হরিলুট, ফ্যাসিবাদের সহযোগীদের অন্যরকম দাপট
বাংলাদেশ টেলিভিশনে ঈদের দিনে আনন্দমেলা নামে ৫০ মিনিটের একটি অনুষ্ঠানে সম্মানী বাবদ ব্যয় দেখানো হয়েছে ২৬ লাখ ৯৭ হাজার টাকা।
এই অনুষ্ঠানে অংশ না নিয়েও একজন নামকরা অভিনেতা পেয়েছেন লাখ টাকার সম্মানী। সম্মানীর পরিমান বাড়াতে ৫০ মিনিটের অনুষ্ঠানের ব্যাপ্তি করা হয়েছে ২০০ মিনিট।
স্ক্রিপ্ট রাইটিংয়ের বিলের পাশাপাশি নৃত্যনাট্যের নামে একই ব্যক্তি নিয়েছেন অতিরিক্ত এক লাখ ৬৩ হাজার টাকার সম্মানী।
এদিকে, বিগত ফ্যাসিবাদী সরকারের শাসনামলের একচেটিয়া সুবিধাভোগী সহযোগী শিল্পীরাও এখন বিটিভির বিভিন্ন অনুষ্ঠান নিয়মিত অংশ নিচ্ছেন। ঈদের এই আলোচিত অনুষ্ঠানেও তাদের একচ্ছত্র দাপট ছিল এবং সম্মানী বাবদ তাদের দেওয়া হয়েছে বিপুল অঙ্কের টাকা । বিটিভির বিভিন্ন অনুষ্ঠানের গ্রন্থনা ও পরিকল্পনার সঙ্গেও জড়িত বিগত সময়ের এই সুবিধাভোগী গোষ্ঠী।
বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান আনন্দমেলা উপস্থাপনা করেছেন অভিনেতা আফরান নিশো। অনুষ্ঠান গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন কবির বকুল। অনুষ্ঠানটি ৫০ মিনিটের হলেও সম্মানী বাড়ানোর জন্য দেখানো হয়েছে ২০০ মিনিটের অনুষ্ঠান হিসেবে। আর সম্মানী দেওয়ার ক্ষেত্রে বিটিভির বিধিবদ্ধ নিয়মনীতি লঙ্ঘন করা হয়েছে।
কবির বকুলকে সম্মানী দেওয়া হয়েছে ৫৯ হাজার ১২৫ টাকা। আবার তাকে নৃত্যনাট্যের জন্য মিনিট প্রতি এক হাজার ৯৬৯ টাকা ধরে অনুমোদন দেওয়া হয়েছে অতিরিক্ত এক লাখ ৬৩ হাজার ৬০ টাকা ।
৫০ মিনিটের একটি অনুষ্ঠানের গ্রন্থনা বা স্ক্রিপ্ট লেখার জন্য এত বিপুল অঙ্কের সম্মানী বিটিভির ইতিহাসে বিরল ঘটনা। আফরান নিশোকে উপস্থাপনার জন্য সম্মানী দেওয়া হয়েছে এক লাখ ১১ হাজার টাকা ।
সংগীতশিল্পী রুনা লায়লার সম্মানী ধরা হয়েছে ২ লাখ ২২ হাজার ২০০ টাকা।অভিনেতা আলমগীর এই অনুষ্ঠানে অংশগ্রহণ না করলেও তার সম্মানী ধরা হয়েছে ১ লাখ ১১ হাজার ২০০ টাকা।
অভিনেতা জাহিদ হাসানের স্ত্রী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌয়ের সম্মানী দেখানো হয়েছে ৬৭ হাজার টাকা। আবার একই অনুষ্ঠানে নৃত্যনাট্য পরিবেশনের জন্য সম্মানী ধরা হয়েছে এক লাখ ৯৫ হাজার টাকা।
বিটিভির গুরুত্বপূর্ণ পদে এখনো ফ্যাসিবাদের সহযোগীরা বসে আছেন। তাদের পরিকল্পনা অনুযায়ী চলছে সব অনুষ্ঠান।
ঈদ আনন্দমেলা অনুষ্ঠানটির সহযোগী প্রযোজক ইয়াসমিন আখতার জানান, এবারের অনুষ্ঠানটি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী হয়েছে। অভিনেতা আলমগীর অনুষ্ঠানে অংশ নেননি বলে তিনি জানান।
বিটিভির যেকোনো অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীদের নানা ক্যাটাগরিতে ভাগ করে সম্মানী দেওয়ার বিধিবদ্ধ নিয়ম রয়েছে। একুশে পদক বা স্বাধীনতা পদকের মতো জাতীয় পুরস্কার পাওয়া অতিথিদের ক্ষেত্রে ২৫ শতংশ পর্যন্ত সম্মানী বাড়ানোর নিয়ম রয়েছে। কিন্তু আনন্দমেলা অনুষ্ঠানের নামে যে সম্মানী নির্ধারণ করা হয়েছে তাতে নিয়ম-নীতির তোয়াক্কা করা হয়নি বলে অভিযোগ উঠেছে।