শিহাবুর রহমান (পীরগঞ্জ)
২৬ আগস্ট, ২০২৬, 5:13 AM
পীরগঞ্জে শিশু সন্তানের গলায় ছুরি ঠেকিয়ে শিক্ষিকার সোনার চেইন ছিনতাই
রংপুর জেলার পীরগঞ্জে চার বছর বয়সী শিশু সন্তানের গলায় ধারালো ছুরি ঠেকিয়ে এক শিক্ষিকার কাছ থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (২৪ আগস্ট ২৬ ইং) বিকালে উপজেলার মকিমপুর গ্রামে পীরগঞ্জ ফায়ার স্টেশনের পাশে পুষ্টি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ শামীমা আক্তার প্রতিদিনের মতো সোমবার বিকাল ৪টার দিকে সহকর্মীদের সঙ্গে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। তাদের অটোরিকশাটি মকিমপুর গ্রামের পীরগঞ্জ ফায়ার স্টেশনের পাশে পুষ্টি অফিসের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুই ব্যক্তি পথরোধ করেন।
এ সময় শামীমা আক্তারের কোলে থাকা চার বছর বয়সী শিশু তিয়াশা জান্নাতের গলায় ধারালো ছুরি ঠেকিয়ে দুর্বৃত্তরা বলে, ‘কার কাছে কী আছে দিয়ে দিন, নইলে শেষ করে ফেলব।’ এতে আতঙ্কিত হয়ে শিক্ষিকা ও তার সহকর্মীরা চিৎকার শুরু করেন।
অভিযোগে বলা হয়, এক পর্যায়ে দুর্বৃত্তরা শামীমা আক্তারের গলায় থাকা প্রায় ১ ভরি ১ আনা ওজনের একটি সোনার চেইন টান দিয়ে ছিনিয়ে নেয়। ওই চেইনের আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। পরে মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। এ ঘটনায় শামীমা আক্তারসহ তার তিন সহকর্মী পীরগঞ্জ থানায় অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, আমরা তদন্ত শুরু করেছি। দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।