অপু আহমেদ রওশন (হবিগঞ্জ প্রতিনিধি)
১৯ মে, ২০২৬, 12:09 AM
নরসিংদী থেকে চুরি হওয়া শিশু হবিগঞ্জে উদ্ধার, গ্রেফতার ২
মাত্র ৪ হাজার টাকায় বিক্রি হওয়া ৩ বছরের শিশু উদ্ধার করেছে পুলিশ। নরসিংদীর শিবপুর থেকে চুরি হওয়ার মাত্র দুই দিন পর ৩ বছরের শিশু উম্মে হানিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সাহেব বাজার গেট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। জানা গেছে, চুরির পর শিশুটিকে মাত্র ৪ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়েছিল।
এই অপহরণ ও বিক্রির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— হবিগঞ্জের চুনারুঘাট থানার নতুন বাজার বাগবাড়ী গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৪২) এবং তার স্ত্রী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার উটি গ্রামের মরম আলীর মেয়ে শরিফা খাতুন (২৯)।
উদ্ধার হওয়া শিশু উম্মে হানি শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব নোয়ারা গ্রামের ইব্রাহিম মোল্লার মেয়ে। তারা শিবপুর কলেজপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন।
শিশুটির মা জানান, একই বাসায় ভাড়া থাকার সুবাদে শরিফা খাতুনের সঙ্গে তাদের পরিচয় হয়। গত শুক্রবার (১৫ মে) সকাল ১০টার দিকে উম্মে হানিকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে শরিফা খাতুন পালিয়ে যান। এরপর সব জায়গায় খোঁজাখুঁজি করে মেয়েকে না পেয়ে ওইদিন সন্ধ্যায় শিবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কোহিনুর মিয়া জানান, অভিযোগ পাওয়ার পরপরই থানার এসআই অনুপ নাগ, হাসান এবং র্যাবের একটি দল তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। আসামিরা গ্রেপ্তার এড়াতে ঘন ঘন অবস্থান পরিবর্তন করছিল।
অবশেষে রোববার রাতে যৌথ অভিযানে হবিগঞ্জের মাধবপুরের সাহেব বাজার গেট এলাকা থেকে মূল অভিযুক্ত শরিফা খাতুন ও তার স্বামী নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
পরে শরিফার দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায় যে, সে শিশুটিকে ৪ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিল। উদ্ধার হওয়া শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে এবং আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।