নিশাত শাহরিয়ার
১৩ সেপ্টেম্বর, ২০২৬, 5:41 PM
গুলশানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে ভাটারায় বিএনপির বিক্ষোভ মিছিল
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নামে রাজধানীর গুলশানে শুক্রবার জুম্মার নামাজের সময় ঝটিকা মিছিল এবং বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভাটারা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ভাটারা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি। বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম. এ. কাইয়ুমের নির্দেশে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে ভাটারা থানা যুবদলের পক্ষে নেতৃত্ব দেন মো. শেখ স্বপন এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি বিপ্লব মিত্র। এছাড়াও ঢাকা-১১ আসনের ছাত্রদল, যুবদল ও ভাটারা থানার বিভিন্ন পর্যায়ের তৃণমূল নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।
মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের শাসনামলে আওয়ামী লীগের বিরুদ্ধে গণতন্ত্র সংকুচিত করা, বিরোধী মত দমন এবং রাজনৈতিক নিপীড়নের অভিযোগ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের দেশত্যাগের মধ্য দিয়ে সেই অধ্যায়ে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন আসে। সহিংসতা, সন্ত্রাস ও গণতন্ত্রবিরোধী রাজনীতির কোনো স্থান নেই বলে জানান দলটির নেতাকর্মীরা।
তারা বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাজপথে আমাদের শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ প্রতিবাদ অব্যাহত থাকবে। বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি নয়—জনগণের অধিকার, গণতন্ত্র ও শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করে যাবে জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা।