ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু কালের স্বাক্ষী বৃটিশ আমলে নির্মিত ৬ গম্বুজ জামে মসজিদ

সিরিজ জয়ের মঞ্চে রুদ্ধশ্বাস ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড

#

ফয়সাল আহমেদ অনন্ত

২৩ এপ্রিল, ২০২৬,  1:51 AM

news image

ব্যাটিংয়ের ব্যর্থতায় প্রথম ওয়ানডেতে হতাশার শুরু। নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে ২৬ রানের হারে যেন কিছুটা থমকে গিয়েছিলো বাংলাদেশ। তবে ঘুরে দাঁড়াতে একটুও সময় নেয়নি মেহেদী মিরাজের দল। দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের ব্যাটে বলের দাপটে ৬ উইকেটের দারুণ জয়ে সিরিজে ফেরে সমতা।

এখন অপেক্ষা কেবল চট্টগ্রামে সিরিজ নির্ধারণী মহারণে। খেলা শুরু হবে সকাল ১১ টায়। জিতবে যে দল তাদের হাতেই উঠবে ওয়ানডে ট্রফি।

ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছে গেছে দুই দলের স্কোয়াড। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ ও নিউজিল্যান্ড। স্টেডিয়ামের ঘাস, বাতাস আর গ্যালারির নীরব উত্তেজনা যেন আগাম জানান দিচ্ছে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের।

ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড ক্রিকেট দল প্রথম সারির বেশ ক'জন খেলোয়ারকে ছাড়াই এসেছে বাংলাদেশে। প্রথম ম্যাচ জিতে বুঝিয়ে দিয়েছে মাঠের লড়াইয়ে তারা একটুও হালকা নয়। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রত্যাবর্তনও প্রমাণ করেছে, এই সিরিজ কোনোভাবেই একপেশে নয়। নাহিদ রানা ১০ ওভারে ৩২ রানের আগুন ঝরানো বোলিংয়ে নেন ক্যারিয়ার সেরা ৫ উইকেট। ব্যাটিংয়ে তানজিদ হাসান তামিমের ঝোড়ো ৭৬ এবং নাজমুল হোসেন শান্তর ৫০ রান বাংলাদেশের তরুণ তুর্কিদের সামর্থ্যের জানান দিয়েছে। 

তাইতো ঘরের মাঠে নিজেদের শক্তি বারবার প্রমাণ করা বাংলাদেশও এবার ট্রফি হাতছাড়া করতে রাজি নয়। মিরাজ, শান্ত, তামিম, তাসকিনদের চোখে এখন একটাই লক্ষ্য—সিরিজ জয়।

নিউজিল্যান্ডের ওপেনার নিক কেলি বলেছেন, “আর কিছু রান যোগ করতে পারলে ফল অন্যরকম হতে পারত। আমরা দ্রুত ঘুরে দাঁড়াব।”

আর বাংলাদেশের হয়ে আগুনঝরা স্পেল করা নাহিদ রানা বলছেন আরও সরলভাবে, “ক্রিকেট মুখে খেলা যায় না, মাঠেই সব ঠিক হয়। যে ভালো খেলবে, ট্রফি তারই হবে।”

এখন সব হিসাব, সব পরিসংখ্যান আর সব অতীত; ইতিহাস এসে দাঁড়িয়েছে চট্টগ্রামের ম্যাচের সামনে। শেষ হাসি কার হবে তার উত্তর দেবে আজকের ম্যাচ।