নাজমুল আদনান (টাঙ্গাইল)
০৯ জুলাই, ২০২৬, 6:59 PM
ঘাটাইলে খেলা দেখা নিয়ে দ্বন্দ্বের জেরে নববধূর মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ফুটবল খেলা দেখা নিয়ে স্বামীর সঙ্গে কথা কাটাকাটির জেরে পূর্ণি (১৮) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার ৫ নং আনেহলা ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত পূর্ণি ওই গ্রামের সুব্রত বর্মনের স্ত্রী। তাদের বিয়ে হয়েছিল মাত্র দুই মাস আগে। খেলা দেখা নিয়ে বাগবিতণ্ডায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখা নিয়ে স্বামী সুব্রত ও স্ত্রী পূর্ণির মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রীর ওপর রাগ করে সুব্রত বর্মন বাড়ি থেকে বাইরে খেলা দেখতে চলে যান। গভীর রাতে সুব্রত বাড়ি ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ স্ত্রীকে ডাকার পরও কোনো সাড়া-শব্দ না পেয়ে তিনি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
ঘরে ঢুকে পূর্ণিকে আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।তদন্তে পুলিশঘটনার পর পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
ঘাটাইল থানা পুলিশ জানায়, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।